হাতে লাঠি নিয়ে সড়ক অবরোধে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা
হাতে লাঠি নিয়ে রাজধানীর সড়ক অবরোধ করলেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে তারা সড়কে নেমেছেন।
আজ রবিবার সকাল থেকে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় হাতে লাঠি নিয়ে সড়ক অবরোধ করে রাখেন তারা।
সকাল ১০টা থেকে মিরপুর-১ ও ১০ নম্বর এবং আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে রাখেন অটোরিকশাচালকরা।
অটোরিকশাচালকদের রাস্তা অবরোধ করার কারণে এসব এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে মিরপুরের বিভিন্ন এলাকায় লম্বা যানজটের সৃষ্টি হচ্ছে।
এদিকে পুলিশ সূত্রে জানা যায়, মিরপুরের বেশ কয়েকটি স্থানে অটোরিকশাচালকরা সড়ক অবরোধ করে রেখেছেন। তারা লাঠি হাতে রাস্তায় নেমে অবরোধ করছেন।
এসময় তারা সড়কে যান চলাচল করতে দিচ্ছেন না। আন্দোলনকারীরা তাদের দাবি না মানা পর্যন্ত রাস্তায় থাকবেন বলছেন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ বলেন, মিরপুরের বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা মিরপুর-১০ নম্বর চত্বরে এসে জড়ো হন। তারা লাঠি হাতে নিয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন।
তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করছে।


You must be logged in to post a comment.