leadnewsডেমরারাজনীতিস্পটলাইট

ঢাকা ডেমরার ৬৮ নং ওয়ার্ডে খাল পরিস্কারের নামে জনদূর্ভোগ।

খাল পরিষ্কার অভিযানের পর সড়কে ময়লার স্তূপ, চরম দুর্ভোগে এলাকাবাসী ও ব্যবসায়ীরা

ঢাকার ডেমরা এলাকার স্টাফ কোয়ার্টার থেকে বড় ভাঙ্গা পর্যন্ত খাল পরিষ্কার অভিযানের পর সড়কের ওপর ফেলে রাখা ময়লার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, গত ১৯ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা মধ্য থানার উদ্যোগে খাল পরিষ্কার অভিযান পরিচালিত হয়। আয়োজকদের দাবি অনুযায়ী, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের সহযোগিতা এবং ডেমরা মধ্য থানার আমীর মোহাম্মদ আলীর সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

তবে স্থানীয়দের অভিযোগ, খাল পরিষ্কারের সময় ভেকু (খননযন্ত্র) দিয়ে খালের ময়লা ও আবর্জনা তুলে রাস্তার ওপর ফেলে রাখা হয়। পরবর্তীতে এসব ময়লা অপসারণ না করেই সংশ্লিষ্টরা স্থান ত্যাগ করেন। ফলে সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং পথচারীদের চলাচলও কঠিন হয়ে পড়েছে।

এলাকাবাসী জানান, রাস্তায় জমে থাকা ময়লা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এছাড়া আশপাশের বিভিন্ন মার্কেটে প্রবেশপথের সাঁকো ও সেতুর সামনে ময়লা ফেলে রাখায় ক্রেতাদের যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে। এতে এলাকার ব্যস্ততম মার্কেটগুলোর ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।

স্থানীয়দের একাংশের দাবি, সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তিদের কারণে অনেকেই প্রকাশ্যে অভিযোগ জানাতে সাহস পাচ্ছেন না। তাদের ভাষ্য, জনকল্যাণমূলক উদ্যোগের উদ্দেশ্য প্রশংসনীয় হলেও যথাযথ পরিকল্পনা ও বর্জ্য অপসারণের ব্যবস্থা ছাড়া এমন কার্যক্রম পরিচালনা করায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, খাল পরিষ্কারের মতো ইতিবাচক উদ্যোগ যদি শেষ পর্যন্ত জনভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল।