বন্ধ রয়েছে সিএনজি ফিলিং স্টেশন
বিবিয়ানা গ্যাসক্ষেত্রের উৎপাদন বন্ধ থাকায় সারাদেশে সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিবিয়ানা গ্যাসক্ষেত্রের উৎপাদন বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।
জানা গেছে, মঙ্গলবার রাত ১২টা থেকে শুরু হওয়া বিবিয়ানা গ্যাসক্ষেত্রের রক্ষণাবেক্ষণ কাজ বুধবার রাত ১২টা পর্যন্ত চলবে। এসময় উৎপাদন বন্ধ থাকায় তিতাস গ্যাসের আওতাধীন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ে বাসা-বাড়িতে সীমিত আকারে গ্যাস সরবরাহ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে ২০১৫ সালে একই কারণে ঈদের দিন রাত ১২টা থেকে ২৪ ঘণ্টা ফিলিং স্টেশনে গ্যাস সরবারহ বন্ধ ছিল।
তিতাসের গণসংযোগ কর্মকর্তা জানান, পেট্রোবাংলা থেকে পাঠানো একটি চিঠিতে সারাদেশের ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা বলা হয়েছে। ঈদের ছুটির সময় কলকারখানায় গ্যাসের ব্যবহার কম থাকায় গ্যাসক্ষেত্রের রক্ষণাবেক্ষণের জন্য এ সময়কে বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে ঈদের আগে তিতাস গ্যাসের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, রক্ষণাবেক্ষণ কাজে বিবিয়ানা গ্যাসক্ষেত্র বন্ধ থাকায় তাদের অধীনে থাকা সব সিএনজি ফিলিং স্টেশন মঙ্গলবার রাত ১২টা থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে। এ ছাড়া ২৩ জুন থেকে আগামী ৩ জুলাই পর্যন্ত তিতাস গ্যাসের আওতাভুক্ত সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

You must be logged in to post a comment.