কৃষকদের কাছ থেকে সরকার ৩৪ টাকা দরে চাল কিনবে
কৃষকদের কাছ থেকে সরাসরি ৩৪ টাকা কেজি দরে বোরো চাল এবং ২৪ টাকা কেজি দরে বোরো ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া ২৮ টাকা কেজি দরে গম কিনবে সরকার। কৃষকদের কাছ থেকে সরাসরি এই ধান, চাল ও গম কেনা হবে।
রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের জানান এসব তথ্য।
খাদ্যমন্ত্রী বলেন, এবার মোট আট লাখ মেট্রিক টন চাল ও সাত লাখ মেট্রিক টন ধান কেনা হবে। এ ছাড়া গম কেনা হবে এক লাখ মেট্রিক টন।
মন্ত্রী জানান, মোট চালের মধ্যে আতপ চাল কেনা হবে এক লাখ মেট্রিক টন। তবে আতপ চালের ক্ষেত্রে দাম নির্ধারণ করা হয়েছে প্রতিকেজি ৩৩ টাকা।
খাদ্যমন্ত্রী জানান, আগামী ২ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান ও চাল কেনা কার্যক্রম চলবে। গম কেনা শুরু হবে আগামী ১৮ এপ্রিল থেকে, চলবে ৩০ জুন পর্যন্ত।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ধান প্রতি কেজিতে ২২ টাকা ও চালের হিসেবে ৩১ টাকা করে উৎপাদন খরচ হচ্ছে। আর গমের উৎপাদন খরচ প্রায় ২৮ টাকা।
মন্ত্রী জানান, এবারে সারা দেশে এক কোটি ৯১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন বোরোর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়। এই লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করছেন তিনি।

You must be logged in to post a comment.