leadnewsবিনোদন

নিউইয়র্কে দেখা হলো তিন বন্ধুর

গেল ২০ ও ২১ এপ্রিল নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে হয়ে গেল দুই দিনব্যাপী সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ভারত ও বাংলাদেশের মোট ৩৯টি সিনেমা প্রদর্শিত হয়েছে এই উৎসবে।

উৎসবে একসঙ্গে সময় কাটিয়েছেন শোবিজের তিন বন্ধু—ফেরদৌস, চিত্রনায়িকা মৌসুমী ও কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিবারের সঙ্গে সময় কাটাতে আগে থেকেই যুক্তরাষ্ট্রে ছিলেন মৌসুমী। এরপর ফেরদৌসের হাত ধরে উৎসবে অংশ নিয়েছিলেন তিনি। যেখানে শুভেচ্ছাদূত হিসেবে হাজির ছিলেন ঋতুপর্ণা। তিন বন্ধুর দেখা হওয়ার মুহূর্তটা ভীষণ উপভোগ করেছেন তারা।

উৎসবে ফেরদৌসের ‘মাইক’ ও ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমা প্রদর্শিত হয়। ফেরদৌসের অংশ নেওয়ার খবরটি আগেই জেনেছিলেন মৌসুমী। তাই লং আইল্যান্ডের বাসায় তাকে নিমন্ত্রণ করেছিলেন মৌসুমী। গত শনিবার সন্ধ্যায় নায়িকার আতিথেয়তা গ্রহণ করেন নায়ক।