ডেমরায় হিন্দু মেয়ে অপহরণ:গ্রেফতার ১
মাহবুব মনিঃ ডেমরায় এবার ১৬ বছরের এক হিন্দু মেয়েকে অপহরণ করেছে মুসলমান এক ছেলে। এ ঘটনায় অপহৃতের মা মঙ্গলবার সকালে ডেমরা থানায় অভিযুক্ত অপহরণকারী মো. জাহিদুল ইসলামসহ (২২) তার সহযোগী বড় ভাই মো. নাসির উদ্দিন (২৬) ও ছোট ভাই অহিদুল ইসলামের (১৮) বিরুদ্ধে মামলা করেন। আসামীরা খিলগাঁও থানাধীন নাসিরাবাদ টেকপাড়া এলাকার সিরাজ মিয়ার ভাড়াটিয়া ও নেত্রকোনার কমলকান্দা থানার সুলজান গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। পরবর্তীতে পুলিশ মঙ্গলবার দুপুরে অপহরণকারী জাহিদুলের ছোট ভাই অহিদুলকে ডেমরার নলছাটা সংলগ্ন ইটাখোলা এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
অপহৃতের মায়ের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহাদত হোসেন বলেন, মেয়েটি এ বছর ডেমরার একটি স্কুল থেকে এস.এস.সি পাশ করেছে। স্কুলে যাওয়া আসার সময় অপহরণকারী জাহিদুল হিন্দু মেয়েটিকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত। বিষয়টি জানাজানির পর অপহৃতের মা বারন করে জাহিদুলকে শাসন করেন। কিন্তু এ ঘটনায় জাহিদুল ক্ষিপ্ত হয়ে অপহৃত ও তার মাকে হুমকি দেয়।
শাহাদত হোসেন আরও বলেন, গত ২ জুন বিকাল ৩ টা থেকে মেয়েটিকে পাওয়া যাচ্ছিলনা বলে গত ৩ জুন ভুক্তভোগীর মা ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে তদন্তে জানা যায় গত ২ জুন বিকাল ৩ টার দিকে মেয়েটি তাদের বাড়ীর সামনে থেকেই অপহরণ হয়। তবে অপহরণকারী ও তার আরেক ভাই পলাতক বলে মেয়েটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

You must be logged in to post a comment.