leadnewsঅপরাধডেমরা

ডেমরায় যৌতুক চেয়ে স্ত্রী নির্যাতন : আটক ১

ডেমরা নিউজঃ ডেমরায় হাবিবা (২৫) নামে এক গৃহবধূকে তার যৌতুকলোভী স্বামী লোহার কাউয়াল দিয়ে সজোরে মাথায় আঘাত করেছেন। এতে রক্তাক্ত কাটা জখম হওয়া হাবিবার মাথায় বেশ কয়েকটি সিলি দিতে হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শুক্রবার রাতে ডেমরা থানায় ভুক্তভোগীর মামা মো. আলাউদ্দিন ফরাজী হাবিবার স্বামী মমিনের (২৮) বিরুদ্ধে মামলা করেন। পরে ওই রাতেই থানা পুলিশ কোনাপাড়া শাহজালাল রোড এলাকা থেকে মমিনকে আটক করে শনিবার আদালতে পাঠায়। মমিন ভোলার বোরহানউদ্দিন থানার ভাটমারা গ্রামের মো. ওয়াহিদ ফরাজীর ছেলে।

ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, একই এলাকার পরিচিত হিসেবে গত ৬ বছর আগে মমিনের সঙ্গে বিয়ে হয় হাবিবার। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য বিভিন্ন সময়ে হাবিবাকে মারধর করতেন মমিন। তাদের সংসারে মহিমা নামে আড়াই বছরের একটি মেয়ে রয়েছে। প্রায় বছর খানেক আগে মমিন লুকিয়ে আরেকটি বিয়ে করেন। ওই বিয়ের পর থেকেই মমিন হাবিবার সংসারে প্রতিনিয়ত অশান্তির সৃষ্টি করে ভরনপোষন দেয়া বন্ধ করে দেন।

আরও জানা যায়, বেশ কিছুদিন আগে ভুক্তভোগীর মামা আলাউদ্দিন হাবিবাকে গ্রামের বাড়ী থেকে ডেমরায় বসবাসরত তার ছোট বোন ইয়ানুরের বাড়ীতে আনেন। শুক্রবার সকালে মমিন ওই বাড়ীতে এসে পুণরায় সংসার করার কথা বলে হাবিবার কাছে আবারও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। এ সময় বাবার বাড়ীর অভাব অনটনের কথা বলে মমিনের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করতেই মমিন হাবিবার মাথায় লোহার কাউয়াল দিয়ে আঘাত করেন। বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি (তদন্ত) সেলিম।