ডেমরায় গলায় ফাঁস দিয়ে গার্মেন্টকর্মীর আত্মহত্যা
ডেমরা নিউজঃ ডেমরায় আনারকলি ওরফে কাকলী (২৩) নামে এক গার্মেন্টকর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার দিনগত রাত ৩ টার দিকে মৃতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ। সুরতহাল শেষে রোববার ভোরে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিডফোর্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়। শনিবার দিনগত গভীর রাতে পশ্চিম হাজীনগর লাল বিল্ডিং সংলগ্ন শাহাকামালের বাড়ীতে এ ঘটনা ঘটে। কাকলী ওই বাড়ীর সাবলেট ভাড়াটিয়া ও বরিশালের বানারীপাড়া থানার মুলুহার গ্রামের মৃত গাজী আফসার উদ্দিনের মেয়ে। তিনি নারায়নগঞ্জ ইপিজেড এলাকার একটি গার্মেন্টে কাজ করতেন। এ বিষয়ে রোববার সকালে মৃতের বড় ভাই কামরুজ্জামান সুমন ডেমরা থানায় অপমৃত্যু মামলা করেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, শারীরিকভাবে বেশিরভাগ সময় অসুস্থ থাকতেন কাকলী। গত শুক্রবার রাতে কাকলী গরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় একই ফ্ল্যাটে বসবারত খাদিজা আপা নামের প্রতিবেশী স্থানীয় ফার্মেসীর ডাক্তারের মাধ্যমে তার শরীরে স্যালাইন দেন। বিষয়টি মোবাইল ফোনে কাকলী তার মেঝ ভাই কাউছারুজ্জামান শ্যামলকে জানান। গত শনিবার বিকালে কাকলী তার রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। ওইদিন রাতে মেয়েটির রুম বন্ধ পেয়ে কাকলীকে খাওয়ার জন্য ডাকাডাকি করে কোন সাড়াশব্দ পাননি প্রতিবেশী খাদিজা। এ সময় তিনি জানালায় উঁকি দিয়ে কাকলীকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেখতে পান।
এ বিষয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. সেলিম বলেন, মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে সব জানা যাবে।

You must be logged in to post a comment.