leadnewsআন্তর্জাতিক

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহর ও গ্রামে অভিযান চালিয়ে বহু ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের হেবরন শহরে হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর পুরো পশ্চিম তীর অবরোধের নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

শনিবার (২৪ অক্টোবর) আল-জাজিরার সংবাদদাতারা জানান, পশ্চিম তীরের উত্তরাঞ্চলের অন্তত ১৫টি শহর ও জনপদে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে নাবলুস, জেনিন, তুবাস ও কালকিলিয়া।

দক্ষিণ পশ্চিম তীরের হেবরনেও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে একটি তিনতলা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকশ ফিলিস্তিনি পরিবারকে বাড়িঘর ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযানআল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নাবলুসের জালুদ ও কারইউত গ্রামে ফিলিস্তিনিদের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

জেনিনের কাছে আররাবেহ ও বুরকিন এলাকাতেও আটকের ঘটনা ঘটেছে। এ ছাড়া তুবাস ও পাশের আক্কাবা শহরে প্রবেশ করে ইসরায়েলি সেনারা।

পশ্চিম তীরের পূর্বাঞ্চলে জেরিকো শহর ও আকাবাত জাবর শরণার্থীশিবিরেও অভিযান চালানো হয়।

হেবরনে ইসরায়েলি বুলডোজার দিয়ে তিনতলা একটি ভবন ভেঙে ফেলা হয়। ভবনটির বাসিন্দাদের নিজেদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল
এ ছাড়া হেবরনের আইন দেইর বাহা এলাকা ও আশপাশের কয়েকটি স্থানের কয়েকশ ফিলিস্তিনি পরিবারকে জোরপূর্বক বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হামলায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িও ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে শহরের আল-জালদা এলাকায় অভিযান চালানো হয়।