ডেমরায় চাঞ্চল্যকর দুই শিশু হত্যায় মামলা : দুই খুনি গ্রেফতার
ডেমরা নিউজঃ ডেমরায় চাঞ্চল্যকর দুই শিশু দোলা ও নুসরাত হত্যার ঘটনায় দোলার বাবাকে সঙ্গে নিয়ে মামলা দায়ের করেছে নুসরাতের বাবা পলাশ হাওলাদার। মঙ্গলবার বিকালে মামলা করার পর ওইদিন সন্ধায় খুনিদের গ্রেফতার করতে সক্ষম হয় ডেমরা থানা পুলিশ। বুধবার খুনিদের আদালতে পাঠালে আদালত ওই দিন বিকালে তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃতরা খুনিরা হলো- ডেমরার কোনাপাড়া শাহজালাল রোডের আবুল হোসেনের বাড়ীর ভাড়াটিয়া মাদারীপুরের শিবচর থানার উতরাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে গোলাম মোস্তফা (২৮) ও একই এলাকার খাড়াকান্দি-দত্তপাড়া গ্রামের আক্কাস বাওয়ানীর ছেলে আজিজুল বাওয়ানী (২৮)। সে মোস্তফার ফুপাত ভাই ও বন্ধু। খুনি আজিজুল যাত্রাবাড়ীর মাতুয়াইলে থাকতো।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, অনাকাঙ্খিত দুটি শিশু হত্যার পর ২৪ ঘন্টা না যেতেই খুনিদের গ্রেফতার করেছে পুলিশ। আদালতে তারা স্বীকারোক্তীমূলক জবানবন্দিও দিয়েছে। আদালত তাদের বিরুদ্ধে যথাযোগ্য সিদ্ধান্ত নিবে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডেমরার কোনাপাড়া শাহজালাল রোড এসি গলি এলাকায় ভাড়া থাকেন দোলা ও নুসরাতের পরিবার। সোমবার দুপুর সোয়া ২ টার দিকে লিপস্টিক দিয়ে সাজিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে ওই দুটি শিশু কন্যাকে ঘরে নিয়ে যায় প্রতিবেশী নাসিমা ভিলার ভাড়াটিয়া গোলাম মোস্তফা ও তার বন্ধু আজিজুল বাওয়ানী। এ সময় তারা ধর্ষণ করার প্রস্তুতি নিলে দোলা ও নুসরাত চিৎকার শুরু করে। প্রতিবেশিরা শুনে ফেলবে এ ভয়ে মোস্তফা তার মোবাইল মাধ্যমে সাউন্ডবক্সে গান বাজানো শুরু করে। এদিকে শিুশুদের চিৎকার সামাল দিতে না পেরে প্রথমে আজিজুল গামছা দিয়ে নুসরাতকে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর গোলাম মোস্তফা দোলাকে গলা টিপে হত্যা করে। পরে খুনিরা লাশ দুটিকে গুম করার লক্ষ্যে খাটের নিচে লুকিয়ে রাখে। পরে ওই দিন রাতে বিষয়টি জানাজানি হলে গোলাম মোস্তফার ঘর থেকে শিশুদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
উল্লেখ্য, নিহত শিশুরা হলো-ডেমরার শাহজালাল রোডের এসি গলির মৃত কালাম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া পটুয়াখালীর দশমিনা থানার আলীপুরা গ্রামের মো. ফরিদুল ইসলামের মেয়ে ফারিয়া আক্তার দোলা (৫) ও ওই এলাকার মৃত রশিদ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া ঝালকাঠি জেলার ঝালকাঠি থানার বাউকান্দি গ্রামের পলাশ মিয়ার মেয়ে নুসরাত জাহান (৪.৫)।

You must be logged in to post a comment.