leadnewsঅপরাধডেমরা

ডেমরায় দস্যুতার প্রস্তুতিকালে ফের ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

ডেমরা নিউজ: ডেমরায় পুলিশের অভিযানে ফের ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ চাপাতি, ১ টি বড় ছুরি ও ১ টি লোহার রড উদ্ধার করা হয়। বুধবার দুপুরে (৫ জুলাই) তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। গত মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার সুলতানা কামাল সেতুর নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলো— ডেমরার আমতলা এলাকার আজিজুল ভূঁইয়ার বাড়ীর ভাড়াটিয়া বরিশালের বাবুগঞ্জ থানার ঠাকুর মল্লিক গ্রামের মোস্তাকিম শিকদারের ছেলে মেহেদি হাসান (২০), ডেমরার রসুলনগর ক্যানেলপাড়ের চাঁন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া ব্রাহ্মনবাড়ীয়ার সরাইল থানার শাহাবাজপুর গ্রামের শরিফুল হোসেন দুলালের ছেলে মো. সাজ্জাদ হোসেন সিমান্ত (২১) ও মাতুয়াইল কবরস্থান রোডের হিরন খাঁনের বাড়ীর ভাড়াটিয়া পটুয়াখালীর বাউফল থানার কানকদিয়া গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. ওহিদুল ইসলাম (২৪)। এ বিষয়ে এদের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই ডেমরা থানায় দস্যুতা সংঘটনের উদ্যোগ গ্রহনের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, ডাকাতি ও ছিনতাই নির্মূলে থানা পুলিশের অব্যাহত অভিযানে ডাকাত দলের ওই ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা জানায়, প্রতিনিয়ত ডেমরা থানা ও আশপাশের থানা এলাকায় সংঘবদ্ধভাবে তারা ডাকাতি করে আসছিল।