রূপগঞ্জে বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ
রূপগঞ্জে বকেয়া বেতন ভাতার দাবিতে কারখানায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ দাবিতে শুক্রবার বিকালে উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে রাখে। তারা পুলিশের পোশাক তৈরির একটি কারখানার শ্রমিক বলে জানা গেছে।
বিক্ষুব্ধ শ্রমিক ও এলাকাবাসী জানান, প্রায় ৫ বছর আগে কাঞ্চন দক্ষিণ বাজার এলাকায় ফেব্রি মার্ক বিডি নামে একটি পুলিশের পোশাক তৈরি কারখানা গড়ে ওঠে। এ কারখানায় প্রায় ১৭৫ জন শ্রমিক কাজ করে আসছেন। মালিকপক্ষ ২০১৭ সালের ডিসেম্বর মাস থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত মোট ৫ মাসের বেতন ভাতাসহ ওভারটাইমের টাকা বকেয়া রাখেন। দিনের পর দিন বেতনভাতা না পাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমিকরা। অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। কারখানার ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান মিরাজসহ মালিকপক্ষ শ্রমিদের বেতন দিচ্ছেন না। শুক্রবার বিকালে মালিকপক্ষ কারখানার মেশিনপত্র পিকআপ ভ্যানের নিয়ে যেতে থাকেন। এসময় শ্রমিকরা খবর পেয়ে পেয়ে পিকআপ ভ্যানটিকে আটক করে রাখেন। এক পর্যায়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করে রাস্তাঘাট অবরোধ করে রাখেন। এসময় কাঞ্চন বাজারসহ আশপাশের রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদেরকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান মিরাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহম্মেদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের পাওনা বেতন-ভাতা পরিশোধ করে দেয়ার চেষ্টা চলছে।

You must be logged in to post a comment.