leadnewsসারা দেশ

বাউফলে সাবেক ইউপি সদস্যের বাড়ি লুটের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার কবির হোসেন এর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ৪দিন পেরিয়ে গেলেও পুলিশ মামলা নেয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কবির হোসেন এর পরিবার।
আজ শনিবার দুপুরে কবির হোসেন এর স্ত্রী রুমা বেগম সাংবাদিকদের বলেন, আমার স্বামী কবির হোসেন এর সঙ্গে একই ওয়ার্ডের মফিজ মুন্সির পূর্ব বিরোধ রয়েছে। তারা একসঙ্গে ২০১৬ সালে নওমালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করে ছিলেন। নির্বাচনে হেরে যাওয়ার পর মফিজ মুন্সির আমার স্বামীর উপর ক্ষিপ্ত হন। তখন থেকে আমার স্বামীকে বিভিন্নভাবে ফাঁসানোর পরিকল্পনা করেন তিনি। কয়েকবছর আগে আমার স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে একবার জখম করে ছিলেন মফিজ মুন্সির লোকজন। এরপর গত ১০ এপ্রিল দ্বিতীয় বার মফিজ মুন্সির স্ত্রীর বড় ভাই ও কালাইয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির মুন্সি ও মফিজ মুন্সির নেতৃত্বে ১০/১২ জনের একটি দল আমার বাড়িতে এসে আমার স্বামীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে তারা। এ সময় আমার মেয়ে কলি ও দেবর রাসেল তাকে বাঁচাতে এগিয়ে এলে তাঁদেরকেও পিটিয়ে আহত করে এবং আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। তখন এলাকাবাসী ঘেরাও করে মফিজ মুন্সির স্ত্রীর বড় ভাই জহিরসহ ২ সন্ত্রাসীকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে ৯৯৯ এ ফোন করার পর পুলিশ এসে সন্ত্রাসীদের আটক করে নিয়ে যান। এ ঘটনার পর আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশ এখন পর্যন্ত মামলা নেয়নি। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
বাউফল থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, কবির হোসেনের স্ত্রী রুমা বেগমের অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১২/০৪/২৫
তোফাজ্জেল হোসেন
বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি।
০১৭২৫৭৫৩৭৭৭