ফেইসবুকে প্রেম ডেমরায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
মাহবুব মনিঃ ডেমরায় স্বামীর সঙ্গে অভিমান করে ইশরাত জাহান বিথী (১৮) নামে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফেইসবুকে ভারতীয় ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক রাখতে বারন করায় অভিমান করে ওই গৃহবধূ এ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন মৃতের পরিবার ও স্বামী জাকির হোসেনের। মঙ্গলবার রাতে কোনাপাড়া শাহজালাল রোডের আব্দুর রহমান বহুতল ভবনে এ ঘটনা ঘটে। স্বামী জাকির হোসেন ওই বাড়ীর ভাড়াটিয়া ও চাঁদপুরের উত্তর মতলব থানার সুগন্ধি গ্রামের অলিউল্লাহ সরকারের ছেলে। খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ওই রাতেই মৃতের লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ নগরীর মিডফোর্ট স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে মঙ্গলবার রাতেই মৃতের স্বামী জাকির হোসেন ডেমরা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেন।
প্রত্যক্ষদর্শী ও মৃতের পরিবারের বরাত দিয়ে এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, মৃতের স্বামী জাকির হোসেন পেশায় একজন বালুর ব্যবসায়ী। গত ১ বছর পূর্বে ইশরাত জাহান বিথীর সঙ্গে তার বিয়ে হয়। ভারতীয় আফতাব হোসেন নামে একটি ছেলের সঙ্গে ফেইসবুকের মাধ্যমে বিথীর প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। বিষয়টি জানতে পেরে জাকির তার স্ত্রীকে ওই ছেলের সঙ্গে সম্পর্ক রাখতে বারন করলেও তিনি সম্পর্ক রাখতেন। গত মঙ্গলবার দুপুরে জাকির যথারীতি বাসা থেকে বের হয়ে ব্যবসার কাজে যান। ওই দিন সন্ধ্যা ৬ টার দিকে জাকির বাসায় এসে দেখেন তার স্ত্রীর রুমের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে জাকির জানালা দিয়ে দেখেন বিথী সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলে আছে।
ওসি সিদ্ধিকুর রহমান আরও বলেন, মৃতের পরিবার ও মেয়েটির স্বামীর কোন অভিযোগ না থাকায় এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে, তদন্তও চলবে। আর ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে এ মৃত্যুর প্রকৃত রহস্যও জানা যাবে।

You must be logged in to post a comment.