ফিলিস্তিনে রমজানে কোন বিবাহ-বিচ্ছেদ হবে না
মুসলমানদের জন্য পবিত্র রমজান মাসে কোন বিবাহ বিচ্ছেদ করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে ফিলিস্তিনের ইসলামিক আদালতের প্রধান। ইসলামিক আদালতের বিচারকরা যাতে রমজান মাসে কোন বিবাহ বিচ্ছেদ অনুমোদন না করে সেজন্য তিনি বিচারকদের নির্দেশনা দিয়েছেন।
ফিলিস্তিনে বিয়ে নিবন্ধন এবং বিচ্ছেদ হয় শরিয়াহ আদালতে। বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান প্রধান বিচারক মাহমুদ হাবাশ। তিনি বলেন, রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে অনেকে বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে না। অনেকে উত্তেজিত হয়ে পড়ে এবং তারা মুখ ফসকে অনেক কিছু বলে। সেজন্য পরে তারা আফসোস করে। যেহেতু অনেকে খাবার ও পানি গ্রহণ করে না এবং ধূমপান থেকে বিরত থাকে, সেজন্য এটি সমস্যা তৈরি করতে পারে।
ফিলিস্তিনের কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০১৫ সালে পশ্চিম তীর এবং গাজায় ৫০ হাজার বিয়ে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়েছে আট হাজারের বেশি। অনেকে মনে করছেন, ব্যাপক দারিদ্র এবং কর্মসংস্থানের অভাবে বিবাহ বিচ্ছেদ বাড়ছে।
বিশ্ব জুড়ে লাখ লাখ মুসল্লি রমজান মাসে সিয়াম সাধনা করে, যা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম। এসময়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মুসলিমরা যেকোন ধরনের পানাহার, ধূমপান এবং যৌন সম্পর্ক থেকে বিরত থাকে। এক মাসের সিয়াম সাধনা শেষ হয় ঈদুল-ফিতর উদযাপনের মধ্যে দিয়ে।

You must be logged in to post a comment.