ব্যাংক এশিয়া ও ইউএনডিপির মধ্যে ডিজিটাল অর্থনৈতিক চুক্তি
ডিজিটাল অর্থনৈতিক অন্তর্ভুক্তি কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে ব্যাংকিং সুবিধা সহজ ও দ্রুততার সঙ্গে পৌঁছে দিতে ব্যাংক এশিয়া ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এক যোগে কাজ শুরু করেছে।
রোববার রাজধানীর ঢাকার পুরানা পল্টনস্থ ব্যাংক এশিয়ার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ক একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এম নুরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী চুক্তি সম্পাদন অনুষ্ঠানে বলেন, বাংলাদেশকে উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জন এবং ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে হলে প্রত্যেকটি সেক্টর, বিশেষ করে প্রাইভেট সেক্টরের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
সম্পাদিত চুক্তিটি দেশের ব্যাংকিং সেবা-বহির্ভূত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী বলেন, এজেন্ট ব্যাংকিং দেশে প্রাইভেট সেক্টর উদ্ভাবিত অন্তর্ভূক্তিমূলক ব্যবসা মডেলের একটি উৎকৃষ্ট উদাহরণ যেখানে গতানুগতিক কর্পোরেট ব্যাংকিংয়ের বাইরে এসে ব্যাংক তার সেবা পৌঁছে দেবে সাধারণ মানুষের দোরগোড়ায়। এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় সবার ব্যাংক একাউন্ট থাকবে যা পরিগণিত হবে অধিকারের অংশ হিসাবে।
তিনি বলেন, ব্যাংক এশিয়ার রয়েছে ব্যাংকিং প্রযুক্তি আর ইউএনডিপির বিশ্বব্যাপী উন্নয়ন কাজের অভিজ্ঞতা। উভয় হাতে হাত মিলিয়ে কাজ করলে বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। সম্মিলিত উদ্যোগ দেশের দারিদ্র বিমোচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এম নুরুল ইসলাম বলেন, ব্যাংক এশিয়া জন্মলগ্নেই তার মূল লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে দারিদ্র বিমোচন বিষয়টি সন্নিবেশিত করেছে। আর সেই লক্ষ্যে ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশের ব্যাংকিং সেবা-বহির্ভূত সব জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছি।
আমি বিশ্বাস করি আজকের এ চুক্তির সুদূরপ্রসারী ফলাফল আমাদের জাতীয় অর্থনীতিতে একটি দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন সূচনা করতে সক্ষম হবে।
উল্লেখ্য, ব্যাংক এশিয়া ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপির) মধ্যে স্বাক্ষরিত চুক্তিটির পাইলট পর্যায় এক বছর মেয়াদী। দেশের যেকোনো একটি জেলায় পাইলট বাস্তবায়নের পর দেশব্যাপী তা ছড়িয়ে দেয়া হবে।

You must be logged in to post a comment.