পশ্চিমবঙ্গ ছাড়াও ১৪ রাজ্যে লড়বে মমতার তৃণমূল
ভারতের আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের ১৪টি রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। দলটির মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন এ কথা জানিয়েছেন। খবর জিনিউজের।
ভুবনেশ্বরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডেরেক বলেন, ‘আমরা লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত। পশ্চিমবঙ্গ ছাড়াও আরও ১৪ রাজ্যে লোকসভা ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। গত ১৯ জানুয়ারি একটি ঐতিহাসিক দিন ছিল। ওই দিন সমস্ত বিজেপিবিরোধী দলকে এক মঞ্চে দেখা গিয়েছে। ২০১৯ সালে বিজেপি ফিনিশ হয়ে যাবে।’
কর্মসংস্থান, নোট বাতিল, জিএসটিসহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে একহাত নেন এই তৃণমূল নেতা। তিনি জানান, লোকসভা ভোটের আগে মাত্র দুটি জোট গঠিত হবে। একটি বিজেপির নেতৃত্বে। আর অন্যটির নেতৃত্বে থাকবে তৃণমূল। আগামী লোকসভা ভোটে তৃণমূলের নেতৃত্বাধীন ‘বিরোধী মহাজোট’ অন্তত ১৫০ থেকে ১৬০টি আসন পাবে বলে আশা প্রকাশ করেন ডেরেক।
ভারতের কেন্দ্রীয় মোদি সরকারকে হঠাতে প্রধান বিরোধী দল কংগ্রেসসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দলগুলো বিজেপি বিরোধী জোট গঠন করেছে। এর নেতৃত্বে রয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় দল তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দোপাধ্যায়। এই জোট ভোটে জিতে ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবে তা নিশ্চিত না হলেও এক্ষেত্রে বারবার উঠে এসেছে মমতার নাম।

You must be logged in to post a comment.