নরসিংদীতে দোকান কর্মচারী হত্যার ঘটনায় জড়িত ২ আসামীকে গ্রেপ্তার করলো পিবিআই
আশিকুর রহমান নরসিংদী :-নরসিংদীতে দোকান কর্মচারী মোজাম্মেলকে প্রকাশ্যে গলাকেটে হত্যার ঘটনায় ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই ঘটনার সাথে জড়িত দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী।
গ্রেপ্তারকৃত আসামীর হলেন, সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের হযরত আলীর ছেলে কাউসার (২০) এবং রায়পুরা উপজেলার রাজাগঞ্জ গ্রামের কাশেম মিয়ার ছেলে রাকিব (২৫)।
সোমবার (২৪ আগষ্ট) দুপুরে এক সংবাদ সন্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এস.এম. মোস্তাইন হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, গত ২০ আগষ্ট নরসিংদীতে চাঞ্চল্যকর দোকান কর্মচারী মোজাম্মেল হত্যার ঘটনার রহস্য উদঘাটন ও জড়িত আসামীদের গ্রেপ্তার করতে পিবিআই নরসিংদীর একটি দল ছায়া তদন্তে মাঠে নামে। পিবিআইয়ের উপপরিদর্শক মোহাম্মদ আবু সালেক সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী, ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত কাউসারকে কুমিল্লা ও রাকিবকে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হোন।
তিনি আরও জানান, নিহত দোকান কর্মচারী মোজাম্মেল মিয়া (২০) নরসিংদীর সিএন্ডবি রোডে চৌধুরী মার্কেটের সুমন মিয়ার এবং আসামী কাউসার একই মার্কেটের শামীম মিয়ার কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। গত ১৮ আগষ্ট বিকেল ৩টায় নিহত মোজাম্মেল ও কাউসার দুষ্টুমি করার সময় কাউসারের মোবাইলে পানির ছিটা পরে। এতে কাউসার তার মোবাইল নষ্ট হয়েছে বলে মোজাম্মেলের নিকট জরিমানা দাবী করে। এ বিষয় নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হলে গত ২০ আগষ্ট মোজাম্মেল মিয়া সকাল সাড়ে ১০ টায় হাজীপুরের ভাড়া বাড়ী থেকে বের হলে কথা আছে বলে আসামী কাউসার নয়াপাড়া তালতলা মাঠে নিয়ে আসে। এসময় রাকিব ধারালো দা নিয়ে আগে থেকেই উৎপেতে ছিল। পরে কাউসার রাকিবের হাত থেকে ধারালো দা নিয়ে মোজাম্মেল ঘাড়ে পরপর ৩টি কোপ দিয়ে হত্যা করে। গ্রেপ্তারকৃত আসামী কাউসার হত্যার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন বলেও তিনি জানান।

