তীব্র তাপপ্রবাহে শ্রমজীবী মানুষের মাঝে পুলিশের পানি ও স্যালাইন বিতরণ অব্যাহত
ডেমরা (ঢাকা) প্রতিনিধি:
তীব্র তাপপ্রবাহে রাজধানীর ডেমরায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে পুলিশের পক্ষ থেকে বিশুদ্ধ সুপেয় ঠান্ডা খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচী অব্যাহত রয়েছে। সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন ব্যস্ততম এলাকায় প্রতিদিনের ন্যায় ৩ শতাধিক মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সোমবারেও সারুলিয়া, হাজীনগর, স্টাফ কোয়ার্টার, বড়ভাঙ্গা, ডগাইর এসব এলাকায়, দিনমজুর, রিক্সাচালক, বাজারের লেবার এসব খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেন ডেমরা থানার অফিসার ইনচার্জ মো.জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত থেকে পানি বিতরণ করেন ডেমরা জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস ও ডেমরা থানার পরিদর্শক অপারেশন সুব্রত কুমার পোদ্দারসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
অটোরিকশা চালক মকবুল মিয়া এক বোতল ঠান্ডা পানি ও স্যালাইন পেয়ে বলেন, পুলিশের এ মানবিক কাজকে আমরা সাধুবাদ জানাই। বর্তমানে বাংলাদেশের পুলিশ মানবিকতায় কাজ করে যাচ্ছে বলে সবাই খুশি। পুলিশের এমন কর্মকাণ্ড এলাকায় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম বলেন, উত্তপ্ত বায়ুতে জনজীবন বির্যস্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মানবিক পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে ডেমরা থানা এলাকায় অসহায় ও শ্রমজীবি মানুষের মাঝে সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ অব্যাহত রাখা হয়েছে।


You must be logged in to post a comment.