leadnewsরাজনীতি

ঢাকা-৫ আসন জামায়াতে ইসলামীর ভিন্নধর্মী মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত

মোঃ হারুন অর রশিদ, ডেমরা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ডেমরা-যাত্রাবাড়ীতে ভিন্নধর্মী মোটর শোভাযাত্রা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৫ আসনের মনোনীত প্রার্থী মো. কামাল হোসেন। শুক্রবার সকাল ৯ টায় যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়ক থেকে জামায়াতে ইসলামীর একটি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার উদ্বোধন করা হয়। পরে শুরু হওয়া শোভাযাত্রাটি ডেমরার স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় যাত্রাবাড়ি চৌরাস্তায় এসে সমাপ্ত হয়। এতে অংশ নেন ঢাকা-৫ আসন এলাকার বিভিন্ন স্তরের জনতা, তরুণ-যুবক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীরা। এ সময় লাল-সবুজ ও দলীয় পতাকায় সু-সজ্জিত মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি, আর চারদিকে মুখরিত ছিল নানা স্লোগানে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. কামাল হোসেন বলেন, আমরা গতিহীন বাংলাদেশকে গতিময় বাংলাদেশের রূপান্তর করার স্বপ্ন দেখি। যেখানে জনগণের কল্যাণ, উন্নয়ন ও সমৃদ্ধিই হবে আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, আজকের এই শোভাযাত্রা শুধু প্রতীকী নয়, এটি আমাদের এলাকার ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার। আমরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলমুক্ত একটি শান্তিপূর্ণ ঢাকা-৫ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, আমরা দুর্নীতি করব না, কাউকে করতে দেব না। দেশ ও জাতির স্বাক্ষ্য রেখে একটি উন্নত, আধুনিক ও নৈতিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নই আমাদের লক্ষ্য।