leadnewsডেমরা

ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস উদযাপন

ডেমরা নিউজঃডেমরায় ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার সভাপতিত্বে কলেজ অডিটরিয়ামে ভাষা শহীদদের স্মরণে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে কলেজটির অধ্যক্ষ মো. ইউনুস মোল্লার নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা খালিপায়ে প্রভাতফেরী ও শহীদ মিনারের বেদীতে পুস্পার্ঘ নিবেদন করেন। এদিন কলেজ প্রাঙ্গনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে শত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশাত্মবোধক সঙ্গীত, আবৃতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর প্রবন্ধ উপাস্থাপন করেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন, সরকারি মাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর মো. নাসির উদ্দিন ও বিসিএস (সাধারণ শিক্ষা) সহযোগী অধ্যাপক, মাউশি- মো. মোসলে উদ্দিন সরকার।

অনুষ্ঠানে বক্তারা ভাষা অন্দোলনের ঘটনা প্রবাহ, জাতীয় জীবনে বাংলাকে উচ্চ শিক্ষার মাধ্যমে মাধ্যম হিসেবে বাধ্যতামূলক করা, বাংলা শব্দ ভান্ডার উন্নত করা, বাংলা ভাষার শৈল্পিক, ব্যাকরণগত ও লিখিত রূপকে সহজবোধ্যতা আনা, সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন করা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য এবং সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এদিকে প্রধান অতিথি তার বক্তব্যে ভাষা আন্দোলনের গুরুত্ব এবং চেতনাকে বুকে ধারণ করে ভবিষ্যতে একটি ঐক্যবদ্ধ অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য আহবান জানান।