ডেমরায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
ডেমরা নিউজঃ
ডেমরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদকাসক্ত আপন বড় ভাইয়ের ছুরিকাঘাতে মো. হোসেন বক্স (২৪) নামে এক ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় খুনি বড় ভাই মো. হাসান বক্স (২৮) পলাতক রয়েছে। রোববার সন্ধার সময় পূর্ব বক্সনগর অন্ধ পট্টি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত হোসেন বক্স ওই এলাকার আলী বক্সের ছেলে। এ ঘটনায় মৃতের বাবাসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেমরা থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মৃতের পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত হোসেন বাড়ীর পাশে একটি মাছের খামারে কাজ করতেন। গত কয়েকদিন ধরে ওই এলাকার একটি কারখানায় কর্মরত একটি মেয়েকে পছন্দ করতেন হোসেন বক্স। পছন্দের এক পর্যায়ে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয় ছেলেটি। এদিকে মেয়েটির অন্যত্র বিবাহের সিদ্ধান্ত হওয়ায় মেয়েটি হোসেনকে প্রেমের প্রস্তাব দিতে নিষেধ করেন। এ প্রস্তাবে রাজি না হয়ে হোসেন মেয়েটির কাছে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার দাবি জানান। পরবর্তীতে এ বিষয়ে ওই মেয়ের বড় বোন মৃতের বড় ভাই হাসান বক্সের কাছে নালিশ করেন। গত দুই তিন ধরেই এ বিষয়ে হাসান বক্স তার ছোট ভাইয়ের বাকবিতন্ডা করতেন।
মৃতের বড় বোন মঞ্জু জানান, রোববার সন্ধার সময় হঠাৎ মৃতের বাড়ি সংলগ্ন দোকানের সামনে জনসম্মুখে হাসান বক্স ও হোসেন বক্সের মধ্যে মেয়েটির বিষয়ে তুমুল ঝগড়া চলতে থাকে। ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই মাদকাসক্ত হাসান হঠাৎ করে একটি ছুড়ি এনে ছোট ভাই হোসেনের বুকের বাম দিকে সজোরে ছুরিকাঘাত করে। এতে মূহুতেই মাটিতে লুটিয়ে পড়ে ছেলেটি। এ সময় হোসেনের বুক থেকে ফিনকে রক্ত বের হওয়া শুরু হয়। এ ঘটনায় মৃতের পরিবারের লোকজন ও বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঘটনাস্থলে ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রাকিবুল হাসান বলেন, মর্মান্তিক এ ঘটনার পরই খুনি দ্রুত পালিয়ে যায়। আর খুনের এ বিষয়টির সত্যতাও জানা গেছে। তাই খুব দ্রুত পুলিশ মাদকাসক্ত ওই খুনিকে গ্রেফতার করে আইনের আওতায় আনবে। বর্তমানে লাশ হাসপাতাল মর্গে রয়েছে। মৃতের পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে মামলা নেওয়া হবে।

You must be logged in to post a comment.