ডেমরায় ডাকাত ও ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার:পলাতক ৮
ডেমরা নিউজঃডেমরায় পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত ও ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আলামত হিসেবে তাদের কাছ থেকে ১ টি বড় চাপতি, ১টি স্লাইডিং রেঞ্জ, ১০ হাত লম্বা পাটের রশি ও দু’টি মোবাইল সেট উদ্ধার করা হয়। শনিবার বেলা সোয়া ১০ টার দিকে ডেমরার বাঁশেরপুল সংলগ্ন সুফিয়া রি-রোলিং মিলস্রে সামনে রাস্তা থেকে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। শনিবার বিকালে আদালত তাদের বিরুদ্ধে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃতরা হল-ঢাকার রামপুরায় বসবাসরত কুড়িগ্রামের রৌমারী থানার বকবান্ধা গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৪০) ও ঢাকার মান্ডা-মুগদা এলাকায় বসবাসরত ঝিনাইদহের মহেষপুর থানার কালুহুদা গ্রামের মো. সনু বিশ্বাসের ছেলে মো. ইয়ানুর রহমান ওরফে লাবলু (৩৫)। এ সময় সহযোগী জহিরুল ইসলাম ওরফে জহির (৪০), রহিম (৪৮) ও বাবুসহ (৪৫) আরও ৫ জন পালিয়ে গেছে বলে আসামীদের স্বীকারোক্তিতে জানা গেছে। এ বিষয়ে শনিবার দুপুরে ডেমরা থানায় গ্রেফতারকৃতরাসহ পলাতকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার এসআই মৃগাংক শেখর তালুকদার বলেন, ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলের সক্রিয় ওই দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরা সংঘবদ্ধভাবে শহরের বিভিন্ন ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠান থেকে ঢাকা উত্তোলন ও জমা করতে আসা ব্যক্তিদের কাছ থেকে টাকা ডাকাতি ও ছিনতাই করে থাকে।
