leadnewsআন্তর্জাতিক

চীনে গ্যাস লাইনে বিস্ফোরণ, নিহত ১২

চীনে গ্যাস লাইন বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির হুবেই প্রদেশের শিয়ান শহরের আবাসিক এলাকায় রোববার এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে এ বিস্ফোরণে আরও ৩৭ জন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে এলাকাটির একটি খাদ্য পণ্যের মার্কেট ধসে পড়েছে।

প্রাণঘাতী এ বিস্ফোরণের পর শিয়ানের ওই এলাকাটি থেকে বেলা ১১টার মধ্যে মোট ১৪৪ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিস্ফোরণে হতাহতদের পাশাপাশি ধ্বংসস্তূপে অনেক আটকা পড়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে রক্ত দেওয়ার জন্য শহরবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলো। আহতদের অনেকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।