ডেমরায় গলায় ফাঁস দিয়ে গার্মেন্ট শ্রমিকের আত্মহত্যা
ডেমরা নিউজঃ
ডেমরায় জয়নাল আবেদীন (২০) নামে এক গার্মেন্টকর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ডেমরার পূর্ব ডগাইর মাইজুদ্দিন মিয়ার বাড়ী থেকে মৃতের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। জয়নাল ওই বাড়ীর ভাড়াটিয়া রিকশাচালক মো. জহিরুল ইসলামের ছেলে। তাদের গ্রামের বাড়ী চাঁদপুরের উত্তর মতলব থানার মাসুয়া গ্রামে। ওই রাতেই সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মৃতের লাশ মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে জয়নালের মৃত্যুর কোন কারণ জানা যায়নি। এ বিষয়ে মৃতের বাবা জহির মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ডেমরা থানার অপারেশন অফিসার স্নেহাশিস রায় জানায়, মৃতের মা একটি মাদ্রাসায় রান্নার কাজ করেন। বাবা রিকশাচালক, ছোট বোন চাঁদনী (১০) মাদ্রাসায় পড়াশোনা করে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকালে মা বাবা কাজে যান। বোন মাদ্রাসায় যায়। এ সুযোগে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন জয়নাল। এদিকে রাত ৯টার দিকে ছোট বোন চাঁদনি ও তার মা ঘরে এসে জয়নালের দরজা বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করেন। কিন্তু ঘর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকালে জয়নালকে ঝুলন্ত অবস্থায় দেখেন তার মা। পরে পুলিশকে খবর দেন মৃতের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। ময়না তদন্ত রিপোর্টে জয়নালের মৃত্যুর রহস্য জানা যাবে বলেও জানান স্নেহাশিস রায়।

You must be logged in to post a comment.