leadnewsঅপরাধডেমরা

ডেমরায় পিকআপ ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার

ডেমরা নিউজঃ
ডেমরায় পুলিশের অভিযানে পিকআপ গাড়ি ছিনতাই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে (ঢাকা মেট্রো ন—১৭—৯৪৪৯) ছিনতাই হওয়া পিকআপটি উদ্ধার করা হয়। মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— কুমিল্লার মুরাদনগর থানার পাহাড়পুর গ্রামের মো. খোরশেদের ছেলে মো. ইয়াকুব আলী (২৭),যাত্রাবাড়ীতে বসবাসরত চাঁদপুরের সদর থানার পূর্ব শীবরদি ভয়েজ রোড এলাকার মো. আমির হোসেনের ছেলে মো. আমজাদ হোসেন (২২) ও যাত্রাবাড়ীর মৃধাবাড়ী এলাকায় বসবাসরত পটুয়াখালীর আমতলী থানার ধানখানি গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. ইসমাইল (২১)। এ বিষয়ে মঙ্গলবার রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন পিকআপটির চালক মো. হোসেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, গত ২৮ জানুয়ারী দিনগত রাতে ওই ছিনতাই চক্রের সদস্য ইসমাইল ডেমরার কোনাপাড়া বাসস্ট্যান্ড হতে পিআপটি ভাড়া করে কুমিল্লা থেকে মাছ নিয়ে আসার জন্য। এদিকে কোনাপাড়া থেকে ইসমাইল ওই পিকআপে উঠে ওই রাত সাড়ে ১১ টার দিকে কুমিল্লার গৌড়িপুর থানা এলাকায় আসে। এ সময় পিকআপে সহযোগী আরও ৩ সদস্যকে ওঠায় ইসমাইল। পরবর্তীতে রাত সাড়ে ১২ টার দিকে দ্বেবিদ্বার থানা এলাকায় আসলে ছিনতাইকারীরা চালকের গলায় ছুরি ধরে হাত, পা, মুখ ও চোখ বেধে রাস্তায় ফেলে দিয়ে পিকআপ নিয়ে যায়।