leadnewsঅপরাধডেমরা

ডেমরায় দুর্ধর্ষ চুরি । গ্রেফতার-২

ডেমরা নিউজ:ডেমরায় ডগাইর পূর্বপাড়া এলাকায় একটি বাসাবাড়ী থেকে জমি ক্রয় করার নগদ ২০ লাখ টাকা চুরি হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ( ৯ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। রবিবার (৮ জানুয়ারি) বিকালে ও রাতে পুলিশের পৃথক অভিযানে উত্তরা দিয়াবাড়ী ও ডেমরার সারুলিয়া রানীমহল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, বরিশালের মুরাদনগর থানার লক্ষ্মীপাশা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. সালাম (৩৩) ও তার সহযোগী ঢাকার যাত্রাবাড়ী এলাকার মৃত গৌরঙ্গ’র ছেলে মরন (৪১)। তারা ওই বাড়ি থেকে ১৪ লাখ টাকা চুরির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ডেমরা থানার এসআই অংকন। তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী চাকুরীজীবী গৃহিনী রাশিদা বেগম গত ২৩ নভেম্বর রাতে ডেমরা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা করেন।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, গত ১৩ অক্টোবর সকালে রাশিদা বেগম ও তার স্বামী শহিদুল ইসলাম যথারীতি তাদের একমাত্র মেয়ে সাদিকা (১১) ও রাশিদার বড় বোন পিয়ারা বেগমকে (৬০) বাসায় রেখে কর্মস্থলে যান। ওই দিন দুপুরে পিয়ারা বেগম সাদিকাকে নিয়ে বাসার দরজা বন্ধ করে একই এলাকায় নিজের বাসায় যায়। ওইদিন বিকাল ৩ টার দিকে পিয়ারা বেগম বোনের বাসায় ফিরে দেখেন ঘরের দরজার কড়া ভাঙ্গা, আলমারির দরজা খোলা ও কাপড় চোপড় এলোমেলো। এ সময় বোন রাশিদাকে খবর দিলে ১ ঘন্টা পর তারা বাসায় ফিরে দেখেন আলামারিতে রাখা ২০ লাখ টাকা নাই।