কলকাতার সঙ্গে দুই রুটের ট্রেন উদ্বোধন হাসিনা-মোদির
খুলনা থেকে কলকাতা পর্যন্ত চলাচলকারী মৈত্রী ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা ও নয়াদিল্লী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস’ট্রেনের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর পাশাপাশি ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী ট্রেনের ওয়ানস্টপ সার্ভিসও উদ্বোধন করা হয়।
এছাড়া দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিতীয় ভৈরব, দ্বিতীয় তিতাস সেতুরও উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। পরে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি বক্তব্য দেন।
আজই কলকাতার কয়েকজন যাত্রী ও রেল কর্মকর্তাকে নিয়ে যাওয়া-আসা করবে ট্রেনটি। ১৬ নভেম্বর থেকে যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে এ ট্রেন চলাচল শুরু হবে। তবে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী ট্রেনের সুবিধা শুক্রবার থেকে কার্যকর করা হবে।
দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার সম্প্রসারণে দীর্ঘ ৪৩ বছর পর ২০০৮ সালের ১৪ এপ্রিল মৈত্রী ট্রেনের মাধ্যমে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ শুরু হয়। বৃহস্পতিবার ছাড়া ঢাকা-কলকাতা-ঢাকা রুটে এখন সপ্তাহে ছয়দিন মৈত্রী এক্সপ্রেস চলাচল করে। এটি এখন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। ভাড়া ভ্রমণ করসহ এক হাজার ৬৩৩ টাকা। প্রাপ্তবয়স্কদের সঙ্গে পাঁচ বছরের নিচের বয়সের শিশুদের ৫০ শতাংশ কম ভাড়ায় যাতায়াত করতে পারে। ঢাকাটাইমস

You must be logged in to post a comment.