ইমরানের ‘চলতে চলতে’ এবার কলকাতায়
এই সময়ের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান। যার ‘চলতে চলতে বলতে বলতে’ গানটি তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়। কণ্ঠ দেয়ার পাশাপাশি এই মিউজিক ভিডিওটিও মডেলও হয়েছিলেন ইমরান। সেই গানের মিউজিক ভিডিও নিয়ে এবার কাজ করেছেন কলকাতার শিল্পী ইমন লিপি। ইমরানের ‘বলতে বলতে চলতে চলতে’ গানে কণ্ঠ মেলালেন তিনি।
গানটি কভার করে নতুন ভাবে মিউজিক ভিডিও তৈরি করেছেন শিল্পী ইমন লিপি। ইতিমধ্যে গানটির টিজার ইউটিউবে প্রকাশ পেয়েছে। রীতিমত সাড়া ফেলে দিয়েছে এটি৷ গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন কলকাতার অতনু মিত্র৷ মিষ্টি প্রেম কাহিনির কভার গানটির মিউজিক ভিডিও তৈরি করছেন পাপান৷ ইমনের সঙ্গে মডেল হয়েছেন অরিজিৎ৷
সম্প্রতি এক সাক্ষাৎকারে কলকাতার এই উঠতি শিল্পী বলেন, ‘ইমরানের এই গানটি বেশ ভালো লেগেছে। তাই গানটি নতুন করে সংগীতায়োজন করে নারীকণ্ঠে কভার করি। খুব সুন্দর একটি মিষ্টি রোমান্টিক গল্পে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছি। আশা করি সবার কাছেই ভালো লাগবে।’
তিনি আরও বলেন, ‘আগামী ১০ ফেব্রুয়ারি ইএল প্রোডাকশনের ব্যানারে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে। ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইন ডে’কে সামনে রেখেই মিউজিক ভিডিওটি আত্মপ্রকাশ করা হয়েছে।’
সঙ্গীতশিল্পী ইমন লিপির শুরুটা হয়েছিল ছোট স্টেজ প্রোগ্রাম দিয়ে। ইন্টারনেটের দৌলতে যেটি ছড়িয়ে পড়েছিল বিভিন্ন মহলে। ছোটবেলাই তার গানের প্রতি ঝোঁক ছিল। নানা চড়াই উতরাই পেরিয়ে এখন সাফল্যের দিকে অনেকটাই অগ্রসর হয়েছেন তিনি।
ঢাকাটাইমস

You must be logged in to post a comment.