নিউইয়র্কের চার্চে হামলা, বন্দুকধারী নিহত
বড়দিনের আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে একটি চার্চের বাইরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও পুলিশের গুলিতে সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। খবর রয়টার্স।
জানা গেছে, স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। সেন্ট জন দ্য ডিভাইন চার্চের বাইরে একটি কনসার্ট অনুষ্ঠান শেষ হওয়ার ১৫ মিনিটের মাথায় এই হামলা হয়। যেখানে প্রায় দুইশ’ মানুষ উপস্থিত ছিলেন। করোনা মহামারির কারণে বড়দিনের আগে বার্ষিক ওই কনসার্টের আয়োজনটি এ বছর চার্চের বাইরে করা হয়।
হামলার সময় বন্ধুকধারীকে ‘আমাকে হত্যা করো’ বলে চিৎকার করে গুলি চালাতে দেখা গেছে। তবে এখনো হামলাকারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি নিউইয়র্ক পুলিশ।
হামলার ঘটনার পর নিউইয়র্ক সিটির পুলিশ কমিশনার ডেরমোট শেয়া সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে উপস্থিত তিন পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখানোয় হামলাকারী ছাড়া অন্য কেউ হতাহত হয়নি।
পুলিশ কর্মকর্তা শেয়া জানান, সন্দেহভাজন হামলাকারীর মাথায় অন্তত একটি গুলি লাগে। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনাস্থল থেকে দুটি আধা স্বয়ংক্রিয় বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া সন্দেহভাজন ব্যক্তির বলে ধারণা করা একটি ব্যাগও উদ্ধার করা হয়েছে। ব্যাগটিতে গ্যাসোলিন ক্যান, দড়ি, তার, কয়েকটি ছুরি, একটি বাইবেল ও টেপ ছিল। তিনি বলেন, ‘ব্যাগে পাওয়া সামগ্রী থেকে আমরা অশুভ উদ্দেশ্যের সারমর্ম সম্পর্কে ধারণা করতে পারছি বলে মনে করছি।’

You must be logged in to post a comment.