leadnewsডেমরা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের দিক নির্দেশনা দিয়েছে রামপুরা ট্রাফিক জোন

ডেমরা নিউজঃ
আসন্ন ঈদে সড়কে যাত্রীনিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ডেমরা-রামপুরা ও ডেমরা-যাত্রাবাড়ী সড়কের পরিবহন চালকদের নানা ট্রাফিক নির্দেশনা দিয়েছে রামপুরা ট্রাফিক জোন। ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার ষ্টাফ কোয়ার্টার এলাকায় রামপুরা ট্রাফিক জোনের সিনিয়র এসি মোছা. লুবনা মোস্তফার নেতৃত্বে ও টিআই বিপ্লব ভৌমিকের সার্বিক ব্যবস্থাপনায় এ নির্দেশনা কর্মসূচী পালিত হয়। এ সময় যানবাহন চালকদের একত্র করে সড়কে ট্রাফিক আইনের বিভিন্ন বিষয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ট্রাফিক আইন অমান্য করায় ১ টি গাড়ি ডাম্পিং ও ১৫ টি গাড়ির বিরুদ্ধে রেকারিংসহ নগদ জরিমানা করে ট্রাফিক পুলিশ।

কর্মসূচীতে টিআই বিপ্লব ভৌমিক বলেন, ঈদের আগে ও পরে বেশি রোজগারের আশায় চালকেরা বেপরোয়া হয়ে ওঠেন। তাই তাদের ট্রাফিক আইনের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনার মধ্যে রয়েছে- চোখে ঘুম নিয়ে গাড়ি না চালানো, মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করা, অতিরিক্ত যাত্রী বোঝাই না করা, অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকা, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি না চালানোসহ সড়কে সব ধরনের ট্রাফিক আইন মেনে চলা।

এ বিষয়ে সিনিয়র এসি লুবনা মোস্তাফা বলেন, সড়কে যোগ্য যানবাহন চালকের সঙ্গে বেশিরভাগ চালক বর্তমানে অদক্ষ্য ও অপ্রাপ্ত বয়স্ক। পরিবহন মালিক সমিতিরা তাদের কোন প্রশিক্ষণ বা সড়ক সচেতনতা সম্পর্কে নির্দেশনা দেয়না। ফলে প্রতিনিয়ত সড়কে নানা দূর্ঘটনাসহ প্রাণহানী ঘটছেই। এবারের ঈদে অনাকাঙ্খিত প্রাণহানী ও দূর্ঘটনা প্রতিরোধেই আমাদের এ নির্দেশনা কর্মসূচী।