leadnewsসাহিত্য

স্বপ্ন ফেরি: জহিরুল কায়সার তালুকদার

হাজার স্মৃতি মনে লয়ে বসে থাকি পথে একা,
পাথর বেঁধেছি বুকে সয়েছি সকল যন্ত্রণা রেখা।
গুমরে কেঁদেছি আমি নিরবে, শব্দটা শুনোনি,
চলে গেছো দূরে অজানায়, পিছনে ফিরে দেখনি।

ছেড়া কাপড়ে ঢেকেছি তোমার তুলতুলে দেহ,
কখনো দু’হাতে আড়াল দিয়েছি যাতে দেখে না কেহ।
দুধল বরণ বদনখানি রেখেছি সদা জীর্ণতায়,
পারিনি তোমার স্বাদ মেটাতে অর্থের শূণ্যতায়।

অভিলাসী স্বপ্নে তোমার পারিনি পূর্ণতা দিতে,
ব্যাকুলতায় সপেছি আপনারে মায়া-ছোঁয়া নিতে।
বিচলিত হয়েছো বারংবার, ছুড়েছো বুকের জমিন থেকে,
আগলেছি তবুও আগামীর দুটি সুন্দর স্বপ্ন এঁকে।

আচমকাই উড়ে যায় অতি স্বাধের নরবরে কুড়ে ঘর,
লক্ষ্য ভোলা মনে গেঁথেছি যতনে বিরহের ঝড়।
আঁধারে ডুবিয়ে রেখে মেতেছো বেশ নতুনের সনে,
সুখের স্বপ্ন ফেরি করে আমিও ভিড়বো কোন বনে।