সোমালিয়ায় মৃতের সংখ্যা ২৩০
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বিস্ফোরণে মৃতের সংখ্যা ২৩০ ছাড়িয়েছে। আহত হয়েছেন কয়েকশ বলে জানিয়েছে দেশটির পুলিশ।
এটিকে আফ্রিকায় ভয়ংকরতম হামলা হিসেবে মনে করা হচ্ছে। মারাত্মকভাবে আক্রান্তদের চিকিৎসা করতে বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। অনেকেই এতটা পুড়ে গিয়েছেন যে তাদের চিনতেও পারা যাচ্ছে না। ধ্বংসস্তূপের মধ্যে থেকে নিখোঁজ আত্মীয়দের খুঁজে বেড়াচ্ছেন পরিবার-পরিজনেরা। শহরজুড়ে এখনও শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্সের সাইরেন।
আমিন অ্যাম্বুলেন্স পরিষেবার পক্ষ থেকে টুইটে বলা হয়েছে, ‘গত ১০ বছরের অভিজ্ঞতায় মোগাদিসুতে এমন পরিস্থিতি এর আগে দেখিনি।’
এতো হতাহতের জেরে দেশটিতে তিনদিনের শোকজ্ঞাপনের কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মোহামেদ আবদুল্লাহি। আহতদের পাশে দাঁড়াতে হাজার হাজার মানুষ হাসপাতালে গিয়ে স্বেচ্ছায় রক্তদান করছেন।
মেডিনা হাসপাতালের চিকিৎসক মোহামেদ ইউসুফ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মৃত ও আহতদের নিয়ে নাভিশ্বাস তুলছে হাসপাতাল। এমন অনেকে এসেছেন যাদের বোমার আঘাতে অঙ্গ-প্রত্যঙ্গ কেটে বাদ চলে গিয়েছে, মারাত্মক পরিস্থিতি। এমনটা আগে কখনও হয়নি।’
আহত অবস্থায় কেউ পড়ে রয়েছে কি না তার খোঁজ নিতে সারারাত ধরে রাস্তায় টর্চ নিয়ে তল্লাশি চালিয়েছেন উদ্ধারকারীরা। আল-কায়েদার সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী সংগঠন আল-শাবাব এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি সোমালিয়া সরকারের। একে জাতীয় বিপর্যয় বলে দাবি করা হয়েছে। শনিবার মোগাদিসুর ব্যস্ত রাস্তায় ট্রাক বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

You must be logged in to post a comment.