সারা দেশ

শোক সংবাদ ঃ কবি কামরুন নাহারের কন্যা সানজিদা তানজিলের ইন্তেকাল

ডেমরা নিউজঃ
পটুয়াখালী জেলার দুমকী উপজেলার সাবেক সফল চেয়ারম্যান মোঃ শাহজাহান সিকদার ও দখিনের কবিয়ালের সম্পাদক মন্ডলীর সদস্য, পিটিআই’র সদ্য বিদায়ী প্রশিক্ষক কবি কামরুন নাহারের মেয়ে সানজিদা তানজিল (২৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শনিবার রাত ১টায় রাজধানীর পিজি হাসপাতালে তিনি মারা যান। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় বইছে শোকের মাতম।
পারিবারিক সূত্রে জানা যায়, কবি কন্যা সানজিদা তানজিল দীর্ঘ দিন যাবত কিডনি রোগে আক্রান্ত ছিলেন। কয়েকদিন আগে কবি কন্যাকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে বাড়ি বাড়ি নিয়ে যেতে বলেন এবং তিনি অকালেই না ফেরার দেশে চলেন যান বলে জানান। পরিবারের সদস্যরা কবি কন্যাকে রবিবার সকালে গ্রামের বাড়ী পটুয়াখালীর উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা করেন। অদ্য রবিবার বাদ মাগরিব গ্রামের বাড়ীতেই কবি কন্যার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে বলে জনান। মৃত্যুকালে তিনি স্বামী ডাঃ গোলাম সারোয়ার, ৪ বছরের একটি কন্যা সন্তান সহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।
“আমরা মুক্তিযোদ্ধার সন্তান” কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী দেলোয়ার হোসেন (দিলীপ), পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী সংগঠন দখিনের কবিয়ালের সভাপতি জাহাংগীর হোসাইন মানিক এবং পানসীয়ানা সম্পাদক ও সাংবাদিক জহিরুল কায়সার তালুকদার কবি কন্যা সানজিদা তানজিলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমার রূহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসীব কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।