লেবানন থেকে ফিরলেন আটকেপড়া ৪৭ বাংলাদেশি
যুদ্ধ-বিধ্বস্ত লেবানন থেকে আটকে পড়া ৪৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন শনিবার (১৮ জানুয়ারি)। লেবাননের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এই নিয়ে মোট ১২৪৬ জন বাংলাদেশিকে ১৮ ফ্লাইটে লেবানন থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হল।
শনিবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননে আটকেপড়া ৪৭ জন বাংলাদেশিকে শনিবার দেশে ফিরিয়ে আনা হয়েছে। এরা সকলেই স্বেচ্ছায় দেশে ফিরেছেন। আটকেপড়াদের কিউআর ৬৪০ ফ্লাইট যোগে সম্পূর্ণ সরকারি ব্যয়ে শনিবার সকাল ৯ টা ১৫ মিনিটে দেশে প্রত্যাবাসন করা হয়। এ পর্যন্ত আঠারো ফ্লাইটে সর্বমোট ১২৪৬ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। আটকেপড়া বাংলাদেশিদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় দেশে ফিরিয়ে আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসনকৃত অসহায় এ সকল বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। আইওএমের পক্ষ থেকে লেবানন থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫০০০ টাকা পকেটমানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। এ পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যত জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের সকলকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে। বাংলাদেশ দূতাবাস, বৈরুত, দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য এবং যেসকল প্রবাসী বাংলাদেশি ফিরে আসতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে।


You must be logged in to post a comment.