রূপগঞ্জে ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম
নুর আলম ভূঁইয়া রুপগঞ্জ: রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার সকালে উপজেলার মুশুরী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আশাদুল মিয়া, শাহাদুল্লাহ, ওহাদুল্লাহ, আনিছ মিয়া ও রহিমা বেগম।
আহত আশাদুল মিয়া জানান, মুশুরী পশ্চিমপাড়া এলাকার আব্দুল হক, ইলয়াছ, সাব্বির হোসেন, ফয়সাল মিয়ার সঙ্গে তাদের রাস্তা জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে তারা দেশীয় অস্ত্র নিয়ে আশাদুল মিয়ার বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করায় প্রতিপক্ষের লোকজনকে ক্ষিপ্ত হয়ে আশাদুল মিয়া পেটাতে থাকে। আশাদুলের চিৎকারে ছোট ভাই শাহাদুল্লাহ, ওহাদুল্লাহ, আনিছ মিয়া, মা রহিমা বেগম বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে আহত করেন। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন শাহাদুল্লাহকে দা কুপিয়ে জখম করেন। এ সময় প্রতিপক্ষের লোকজন ঘর থেকে নগদ ৩ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
