রূপগঞ্জে বিএনপির ইফতার সামগ্রী লুট করলো যুবলীগ, আলোচনা সভা পন্ড ॥
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা বিএনপির ইফতার মাহফিলের খাবার সামগ্রী লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, বিএনপি আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভা পন্ড করে দেয়া হয়। গত শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় ঘটে এ ঘটনা।
গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা জানান, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শনিবার সাওঘাট মদিনা কমিউনিটি সেন্টারে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিলো জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি উপস্থিত থাকার কথা ছিলো, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মাহাফুজুর রহমান হুমায়ুন, যুগ্ন সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মতিন, আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, আমিরুল ইসলাম ইমনসহ আরো অনেকের।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় মোরগ পোলাও খাওয়ানোর জন্য গত শুক্রবার সন্ধ্যায় আড়াই’শ মোরগ, দুই বস্তা চাউল, তেলসহ রান্না করার সকল সামগ্রী আনা হয়।
রাতে স্থানীয় যুবলীগ নেতা কামরুল ইসলাম সুমন, আল-আমিন, জহিরুল ইসলাম, জায়েদ আলী, দেলোয়ার হোসেনসহ প্রায় শতাধীক নেতাকর্মী মদিনা কমিউনিটি সেন্টারে হামলা চালায়। এসময় ইফতার ও দোয়া মাহফিলের জন্য আনা আড়াই’শ মোরগ, দুই বস্তা চাউল, তেলসহ রান্না করার সকল সামগ্রী লুট করে। প্রতিবাদ করায় বিএনপি কর্মী সমর্থকদের নানা ভয়ভীতি প্রদর্শণ করেন। এছাড়া শনিবারের বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পন্ড করে দেয়।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন বলেন, যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। যুবলীগ একটি স্বচ্ছ সংগঠন। যুবলীগ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারেনা। আসলে এখানে বিএনপি নেতাকর্মীদের দুই গ্রুপের মধ্যে দলীয় বিরোধ রয়েছে। ওই বিরোধকে কেন্দ্র করেই এক গ্রুপ আরেক গ্রুপের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

You must be logged in to post a comment.