leadnewsডেমরা

ডেমরায় ডিএনডি খাল থেকে নিখোঁজ রাখাল  উদ্ধার

ডেমরা নিউজঃ  ডেমরায় ফায়ার সার্ভিসের অভিযানে হোসেন সরদার (৩৮) নামে এক নিখোঁজ রাখালকে জীবিত উদ্ধার করা হয়েছে। ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনির নেতৃত্বে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন সহ দুইটি ইউনিট বুধবার বিকালে বাঁশেরপুল এলাকার ডিএনডি খাল থেকে ওই রাখালকে উদ্ধার করা হয়।
ডেমরা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সালামবাগ ও ডগাইর নতুন পাড়া এলাকা থেকে উদ্ধার হোসেন সরদার সহ ৩ জন রাখাল বাঁশেরপুল এলাকায় রাসেল ব্রিজ নামে বাসের সাঁকো সংলগ্ন ডিএনডি খালে কচুরিপানা ও ঘাস কাটতে নামেন। এ সময় খালে থাকা ঘাস ও কচুরিপানা কাটার পর  বাকি দু’জন উপরে উঠতে পারলেও হোসেন সরদার ঘাসের মধ্যে আটকা পড়ে যায়।  এ ঘটনায় ওই দুই রাখাল হোসেন সরদার কে খুঁজে না পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসে খবর দেয়। এদিকে নিখোঁজের খবর পেয়ে ডেমরা ও সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার কিম প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর ঘাস ও কচুরিপানায় আটক অজ্ঞান হয়ে পড়া ওই রাখালকে উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনের অফিসার ওসমান গনি বলেন, অভিযানটি আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। এতে ফায়ার ফাইটার ফরহাদ হোসেন, হাসিবুর সিকদার, আব্দুল মজিদ, জাহিদুল ইসলাম, ফাইটার লিডার এম এ রশিদ সরকার ও  ভলেন্টিয়ার মো. ওমর ফারুকের সাহসী প্রচেষ্টায় হোসেন সিকদার কে জীবিত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।