রংপুর সিটিতে ভোট ২১ ডিসেম্বর
রংপুর সিটি করপোরেশনে আগামী ২১ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
হেলালুদ্দীন বলেন, ‘রংপুর সিটি করপোরেশনের ভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে ৫ নভেম্বর।’
তিনি আরও জানান, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে। এছাড়া একটি কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হবে।
বৈঠকে সিইসি কে এম নূরুল হুদাসহ ইসির চার কমিশনার উপস্থিত ছিলেন।
কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশনের তত্ত্বাবধানে এই নির্বাচন হবে রংপুর সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন। দলীয় প্রতীকেই এ ভোটে মেয়র পদে প্রার্থী হওয়া যাবে।
গত ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়ে পাঁচ দিনের মাথায় কুমিল্লা সিটির ভোট করেছিল বর্তমান কমিশন। আওয়ামী লীগ ও বিএনপির অংশগ্রহণে সেটাই ছিল এ ইসির অধীনে প্রথম নির্বাচন।
২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয়। নির্বাচিত জনপ্রতিনিধিদের ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে ২০১৮ সালের ১৮ মার্চের মধ্যে রংপুরে নির্বাচন করতে হবে।
এ সিটি করপোরেশনে বর্তমানে ভোটার রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। সম্ভাব্য ভোটকেন্দ্র ১৯৬টি, ভোটকক্ষ ১ হাজার ১৭৭টি।

You must be logged in to post a comment.