leadnewsআন্তর্জাতিক

ভারতে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৫০, জারি সতর্কতা

ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫০ জন নিখোঁজ এবং বহু ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। রাজ্যের চার জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ধসের কারণে ভাঙন ধরেছে ধৌলিগঙ্গার বাঁধে। নদীর ধারে থাকা বহু ঘরবাড়ি ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঋষিকেশ ও হরিদ্বারে জারি হয়েছে বন্যা সতর্কতা। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

খবরে বলা হয়েছে, চামোলি হিমবাহে ফাটলের কারণে এই ধস বলে মনে করা হচ্ছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত জানিয়েছেন, প্রবল বৃষ্টি ও প্লাবনের ধাক্কায় চামোলির রেনি গ্রামে ঋষিগঙ্গা প্রকল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। অলকানন্দায় নিচু এলাকাও ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আগাম সতর্কতা অবলম্বন করে ভাগিরথীর গতিপথ রুদ্ধ করা হয়েছে। সেজন্য খালি করে দেওয়া হয়েছে শ্রীনগর ও ঋষিকেশ বাঁধ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে যে, পাহাড়ের ওপর থেকে প্রচণ্ড গতিতে নামছি পানির স্রোত। ওই এলাকায় থাকা ঘরবাড়ি ভেসে গিয়েছে।