leadnewsজাতীয়

ঢাকা-নগরকান্দায় জানাজা, সাজেদা চৌধুরীর দাফন বনানীতে

সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরীর প্রথম জানাজা হবে ঢাকায়, সংসদ ভবন প্রাঙ্গণে। তার নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় হবে দ্বিতীয় জানাজা। পরে রাজধানীর বনানী কবরস্থানে সাজেদা চৌধুরীকে দাফন করা হবে।

রোববার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সাজেদা চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা বেনজীর আহমেদ রায়হান এ তথ্য জানিয়েছেন।

বেনজীর আহমেদ জানান, সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাজেদা চৌধুরীর প্রথম জানাজা হবে। এরপর তার নির্বাচনী এলাকা নগরকান্দায় (ফরিদপুর-২) বাদ জোহর হবে দ্বিতীয় জানাজা। এরপর বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে।

এর আগে, রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাজেদা চৌধুরী। উচ্চ রক্তচাপ ও বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে অগাস্টের শেষ সপ্তাহ থেকে এই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সাজেদা চৌধুরী মাত্র ২১ বছর বয়স থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। ১৯৬৯ সালে তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। অংশ নেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধেও।

পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরের সেই সংকটকালে ১৯৭৬ সালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সাজেদা চৌধুরী। পরে ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ১৯৯২ সাল থেকে পালন করছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যের দায়িত্ব।

সর্বশেষ দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ ফরিদপুর-২ (নগরকান্দা) আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাজেদা চৌধুরী। ২০০৯ সাল থেকে টানা তিন মেয়াদে তিনি সংসদ উপনেতার দায়িত্ব পালন করে আসছিলেন।