leadnewsডেমরা

ডেমরা-যাত্রাবাড়ী সড়কে বাসের চাপায় উন্মুক্ত বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ডেমরা নিউজ: ডেমরা-যাত্রাবাড়ী সড়কে বাসের চাপায় মো. ইমন সরকার (২৪) নামে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মাতুয়াইল মাদ্রাসা বাজার ও মৃধাবাড়ী সংলগ্নে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা মর্ডান পরিবহন নামে সিলেট হবিগঞ্জের বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় ইমন তার মাথা, বুক, পেট ও পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। তিনি ডেমরার শাহজালাল রোড এলাকার মো. আব্দুর রব সরকারের ছেলে। ইমন উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি একটি কল সেন্টারেও চাকুরি করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মো. ইমন সরকার বেলা সাড়ে ১১ টার দিকে বিশেষ একটি কাজে তার এক বন্ধুসহ মোটর সাইকেলযোগে ডেমরা থেকে যাত্রাবাড়ী যান। কাজ শেষে দুপুর সাড়ে ১২ টা দিকে বাড়ী ফেড়ার পথে মর্ডান পরিবহনের ওই বাসটির সঙ্গে ইমনের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটির চাকা ইমনের পেটের ওপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইমনের অবস্থা আশংকাজনক হয়ে পড়ে এবং ইমনের বন্ধুর একটি পা ভেঙ্গে যায়। এদিকে স্থানীয়রা গুরুতর ও রক্তাক্ত অবস্থায় ইমনসহ তার বন্ধুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। পরে তার বন্ধুকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ওসি মো. মাঝহারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়। আর মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে মামলা দায়ের করা হবে।