ডেমরায় হেরোইন-ইয়াবাসহ ৩ মাদক চোরাকারবারি গ্রেফতার
ডেমরা নিউজঃ ডেমরা থানা এলাকায় মঙ্গলবার রাতে পুলিশের পৃথক অভিযানে ৩ মাদক চোরাকারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পুড়িয়া হেরোইন ও ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার বেলা ১১ টায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল-সারুলিয়া টেংরায় বসবাসরত সিরাজগঞ্জের বেলকুচি থানার শিমলা গ্রামের মো. নূর ফজলে মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন কুমকুম (৩৮), ডেমরার আমতলা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. জজ মিয়া (৩৫) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পশ্চিমগাঁও গ্রামের সাফিজ উদ্দিনের ছেলে মো. সাগর (২০)।
ডেমরা থানা পুলিশ জানায়, উক্ত ৩ মাদক চোরাকারবারিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় কুমকুমের কাছ থেকে ৫০০ পুড়িয়া হেরোইন, জজ মিয়ার কাছ থেকে ৩৫ পিস ও সাগরের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে মঙ্গলবার রাতেই ডেমরা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩ টি মামলা হয়েছে। এদের মধ্যে কুমকুম ও জজ মিয়া ডেমরার চিহ্নিত মাদক বিক্রেতা বলেও জানিয়েছে পুলিশ।

You must be logged in to post a comment.