leadnewsডেমরা

ডেমরায় যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন ॥ থানায় মামলা

ডেমরা নিউজঃডেমরায় বিশ লক্ষ টাকা যৌতুকের দাবিতে ফারহানা ইয়াসমিন (২২) নামে এক গৃহবধূ তার স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজনের নির্যাতনের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ রোববার দিনগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত স্বামী মো. ফয়সাল খানসহ (২৭) তার শ্বাশুরী, দেবর, ননাস, ননদের জামাইকে আসামি করে মামলা করেন। বাকি আসামিরা হলেন- ডেমরার বড়ভাঙ্গা জাহের আলীর বহুতল ভবনে বসবাসরত ইয়াসমিনের দেবর সিরাজগঞ্জের বেলকুচি থানার মোকন্দগাতি গ্রামের মোকাব আলীর ছেলে অপু খাঁন (২০), শ্বাশুরী গোলেনুর বেগম (৪৮), ননাস ময়না বেগম (৩০) ও ননদের জামাই কবির হোসেন (৩৫)। বর্তমানে আসামিরা পলাতক রয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশ।

ভুক্তভোগীর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গত ৬ মাস আগে নোটারি পাবলিকের মাধ্যমে ফয়সালের সঙ্গে বিয়ে হয় ইয়াসমিনের। পরবর্তীতে শ্বশুর বাড়ী থেকে ব্যবসার জন্য যৌতুক হিসেবে থেকে ২০ লক্ষ টাকার দাবিতে ইয়াসমিনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে ফয়সাল। এদিকে গত ১৫ মে শনিবার দিনগত রাত ১ টার দিকে একই দাবি অস্বীকার করায় উক্ত বাকি আসামিদের প্ররোচনায় ফয়সাল তার স্ত্রীকে এলোপাথারী মারধর শুরু করে। এ ঘটনার খবর পেয়ে ইয়াসমিনের খালাত ভাই ও মা ঘটনাস্থলে আসলে ফয়সাল তার শ্বাশুরীকেও মারধর করে ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় তাদের ডাক চিৎকারে বাড়ীওয়ালা জাহের আলী এসে ইয়াসমিনকে উদ্ধার করে তার খালাত ভাইয়ের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।