ডেমরায় মোটর সাইকেল চোরের উপদ্রব, চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার ॥ থানায় মামলা
মো. মাহবুবুর রহমান ভূইয়া: ডেমরায় উদ্বেগজনক হারে বেড়েছে মোটর সাইকেল চোরের উপদ্রব। অহরহ ঘটছে চুরির ঘটনা। অনুসন্ধানে জানা গেছে বিগত ৬ মাসে শতাধিক মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে ডেমরায়। এদিকে মহানগর গোয়েন্দা পুলিশের {ডিবি} ওয়ারী জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে মোটর সাইকেল চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে। গত ২২ ও ২৩ জুলাই রজধানীর শাহবাগ ও চাঁদপুরের ফরিদগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ফরিদগঞ্জ থেকে ৯ টি চোরাই মোটর সাইকেল জব্দ করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হল- মো. জসিম, আবদুল খালেক হাওলাদার, আনোয়ার হোসেন ওরফে বাবু, শাহ আলম খলিফা, আবীর হোসেন, সুমন হোসেন, তুহিন রায়হান, মো. রিয়াজ ও রাজন। এ ঘটনায় মো. ওমর ফারুক পাটোয়ারী নামে এক ভুক্তভোগী গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় ২৪ জুলাই সোমবার রাতে মামলা দায়ের করেন।
ডেমরা থানা পুলিশ জানায়, ডেমরার মহাকাশ রোড এলাকার একটি গ্যারেজ থেকে গত ২৮ জুন ভোরে ওমর ফারুক পাটোয়ারীর ব্যবহৃত ১৫০ সিসি’র এ্যাপাচি মোটর সাইকেল চুরি হয়। পরে ২২ ও ২৩ জুলাই চুরি যাওয়া ওই মোটর সাইকেলসহ টি মোটর সাইকেল চাঁদপুর থেকে উদ্ধার করে পুলিশ। এদিকে খবর পেয়ে ডিবি পুলিশের ওয়ারী জোনাল টিমের হেয়াজতে থাকা ওমর ফারুকের উদ্ধারকৃত মোটর সাইকেল ফেরত পান তিনি। পুলিশ আরও জানায়, উক্ত চোর চক্রের সদস্যরা ডেমরাসহ রাজধানী বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে চাঁদপুরের প্রত্যন্ত এলাকায় বিক্রি করতো।

You must be logged in to post a comment.