ডেমরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ডেমরা নিউজ: ডেমরায় পানিতে ডুবে মো. সাকিবুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ডেমরার ঠুলঠুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাকিবুল ওই গ্রামের মো. হুমায়ূনের ছেলে।
মৃতের মামা রবিন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৃতের বাড়ি বর্ষার পানি প্রতিবছর জমে এমন নিচু অঞ্চলে। বাড়ি থেকে রাস্তায় যেতে হয় বাঁশের সাঁকোতে। মঙ্গলবার দুপুরে সাকিবুলের খাওয়া শেষ করে তার মা গোসল করতে যান। পরে ওই শিশু একাই দোকানে যাওয়ার জন্য বাঁশের সাঁকো দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় অসাবধানতা বশত পা পিছলে ছেলেটি পানিতে পড়ে যায়। এদিকে ১০ থেকে ১৫ মিনিট পরে শিশুটির ছোট মামা বায়েজিদ সাঁকোতে হেঁটে ঘরে যাওয়ার সময় সাকিবুলের পায়ের সেন্ডেল দেখতে পেয়ে দ্রুত বাড়িতে যায়। এ সময় বাড়িতে সাকিবকে দেখতে না পেয়ে বায়েজিদ ঘটনাস্থলে এসে পানিতে নেমে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. সেলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাকিবুলের মৃত্যুর খবর জানতে পেরেছি। থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও গিয়েছেন। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে অপমৃত্যু মামলা নেয়া হবে।

You must be logged in to post a comment.