ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে ৩ লক্ষ টাকা ছিনতাই
ডেমরা নিউজঃ ডেমরায় দিন দাহারে ডিবি পুলিশ পরিচয়ে মো. ইউসুফ (৩০) নামে এক ব্যক্তিকে প্রাইভেট কারে তুলে নিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে সারুলিয়া রানীমহল এলাকায় এ ঘটে। এ সময় তাকে বেদম প্রহার করে ছিনতাইকারীরা। পরে চক্রটি সঙ্গে থাকা ৩ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ইউসুফকে ফেলে চলে যায়। তিনি ওই এলাকার পাথর ব্যবসা প্রতিষ্ঠান তালহা এন্টারপ্রাইজের ম্যানেজার। ইউসুফের গ্রামের বাড়ী ভোলার সদর থানার বাপ্তা গ্রামে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
তালহা এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ ও প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সোয়া ১ টার দিকে সারুলিয়ার মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক থেকে ২ লক্ষ ৯৯ হাজার টাকা অংকের চেকের টাকা উত্তোলন করে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন। এ সময় রানীমহল এলাকায় আসতেই ওঁৎপেতে থাকা ৪ জনের ছিনতাইকারী চক্রটি ডিবি পুলিশ পরিচয়ে ইউসুফকে একটি সাদা প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। ঘটনাস্থলে তালহা এন্টারপ্রাইজের পরিচালক মো. কামাল হোসেনসহ প্রত্যক্ষ্যদর্শীরা ডেমরা থানায় টেলিফোন করে বিষয়টি জানান।
এ বিষয়ে জানতে চাইলে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, দুপুরে ডেমরা থানায় কেউ ফোন করে বিষয়টি জানিয়েছেন শুনেছি। তালহা এটারপ্রাইজের ওই ম্যানেজারকে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ফেলে গেছে বলে জানা গেছে। বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানাও হতে পারে। তবে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

You must be logged in to post a comment.