ডেমরায় টিনের ড্রাম বিস্ফোরণে দগ্ধ রাজমিস্ত্রীর মৃত্যু
ডেমরা নিউজঃ ডেমরায় টিনের ড্রাম বিস্ফোরণে দগ্ধ রাজমিস্ত্রী আব্দুল বারেকের (৩৮) মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার দুপুরে বিনা ময়না তদন্তে ওই হাসপাতাল থেকে মৃতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেন ডেমরা থানা পুলিশ। এ ঘটনায় দগ্ধ হয়ে মোমেন উল্লাহ (৩৫) নামে এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃত বারেক মিস্ত্রী মাদারীপুরের শিবচর থানার বদ্রাসন গ্রামের আব্দুল খালেক বেপারীর ছেলে। বর্তমানে তারা ডেমরার সানারপাড় সাবান ফ্যাক্টরী সংলগ্ন রুবেলের বাড়ীর ভাড়াটিয়া।
মৃতের পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসার স্নেহাশিস রায় বলেন, গত ১৪ মে রাতে সানারপাড় সাবান ফ্যাক্টরী সংলগ্ন জনৈক শাহজাহান ভূঁইয়ার বাড়ীতে কাজে যান বারেক। এ সময় শাহজাহান ভূইয়ার স্ত্রী রাবেয়া জাহান বারেকের সহযোগী আরিফুল মিস্ত্রীকে কাটার মেশিন দিয়ে টিনের একটি ড্রাম কাটতে বলেন। কাটা শুরু করতেই ড্রামটি বিস্ফোরণ হয়। এ সময় ড্রামের পাশে থাকা রাজমিস্ত্রী বারেক ও শাহজাহান ভূইয়ার ভাগিনা মারাত্মকভাবে আগুনে দগ্ধ হন। এ ঘটনায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ বিষয়ে মৃতের স্ত্রী জর্ডান প্রবাসী পারভীন হাওলাদার রোববার দুপুরে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

You must be logged in to post a comment.