ডেমরায় গৃহবধূ শিক্ষার্থীর আত্মহত্যা
ডেমরা নিউজঃ ডেমরায় জুলিয়া আক্তার (২৩) নামে এক গৃহবধূ শিক্ষার্থী (অনার্স তৃতীয় বর্ষ) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় মৃতের বাবা আজিজুল (৫৫) রোববার রাতে ওই গৃহবধূর দেবর সাইফুল ইসলামের উপস্থিতিতে ডেমরা থানায় অপমৃত্যু মামলা করেন। শনিবার রাতে দক্ষিণ পর্বূ-বক্সনগরের কাজী কামরুল ইসলামের ফ্ল্যাট বাড়ীতে এ ঘটনা ঘটে। তারা ওই বাড়ীর ভাড়াটিয়া। জুলিয়া লক্ষীপুরের রামগঞ্জ থানার উত্তর ফতেহপুর গ্রামের সাইদুৃল হকের ছেলে সৌদি প্রবাসী কামরুল হাসান রুবেলের স্ত্রী। তিনি শ্বশুর বাড়ীতে থেকে পড়াশোনার পাশাপাশি পূর্ব-বক্সনগর এলাকায় প্রাইভেট শিক্ষিকতা করতেন।
মৃতের পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার এসআই শাহাদাত বলেন , গত ৪ বছর আগে বিয়ে হয় জুলিয়ার। দুই বছর আগে তার স্বামী সৌদি চলে যান। শনিবার বিকালে এলাকায় প্রাইভেট পড়ানো শেষ করে জুলিয়া যথারীতি বাসায় এসে তার রুমের দরজা বন্ধ করে দেন। পরে সন্ধার আগে দেবরের স্ত্রী আছমা তার ঘরের দরজা বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি কোন সাড়াশব্দ না পেয়ে স্বামীকে খবর দেন। এ সময় মৃতের দেবর বাসায় এসে দরজা ভেঙ্গে জুলিয়াকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেখতে পান। এ ঘটনায় ডেমরা থানা পুলিশকে খবর দিলে তাদের উপস্থিতিতে মৃতের লাশ নামানো হয়। পরে সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য মৃতের লাশ ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এ বিষয়ে ডেমরা থানার অপারেশন অফিসার স্নেহাশীষ রায় বলেন, জুলিয়া মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। ময়না তদন্ত শেষে আসল ঘটনা বেরিয়ে আসতে পারে। তাই মৃতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

You must be logged in to post a comment.