ডেমরায় অপহরণের ৫ মাস পরে অপহৃত শিক্ষার্থী উদ্ধার: গ্রেফতার ২
বিশেষ প্রতিনিধিঃ
ডেমরায় অপহরণের প্রায় ৫ মাস পরে নবম শ্রেণীতে পড়–য়া ১৪ বছরের অপহৃত এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর রূপনগর থানাধীন (মীরপুর) ইষ্টার্ণ হাউজিং এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী মো. শামীম (২৩) ও তার মা সায়েরা খাতুনকে (৫০) গ্রেফতারকরে পুলিশ। বুধবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হলে মহামান্য আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। এ সময় অপহৃতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ও সি সি) সেন্টারে চিকিৎসার জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গ্রেফতারকৃত অপহরণকারী মা ছেলে হবিগঞ্জের সদর থানার রাজানগর গ্রামের বাসিন্দা।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই তহিদুল ইসলাম জানায়, স্কুলে পড়া অবস্থায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত বছর ১৬ জুলাই মেয়েটিকে জোরপূর্বক অপহরণ করে হবিগঞ্জে নিয়ে যায় শামীম। এদিকে অপহৃতের পরিবার ধারণা করেন পড়াশোনার জন্য বকা খেয়ে মেয়েটি রাগ করে তাদের গ্রামের বাড়ী চলে গেছেন। অনেক খোঁজাখুজি করে না পেয়ে অপহৃতের বাবা গত ৩১ জুলাই এ বিষয়ে ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ১১ আগষ্ট মেয়েটির বাবা ইউনুছ আলী খান জানতে পারেন তার মেয়ে অপহরণ হয়েছে। এ ঘটনায় ঠিকানা অনুযায়ী মেয়েকে ফিরিয়ে আনতে গেলে অপহরণকারীদের হুমকি ধমকির শিকার হন ইউনুছ আলী। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে গত বছর ১৫ আগষ্ট ডেমরা থানায় এ বিষয়ে একটি নিয়মিত মামলা হয়। এদিকে অপহরণকারীরা হবিগঞ্জে তাদের ভিটেমাটি বিক্রি করে ঢাকার মীরপুরে চলে আসেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে অপহৃতকে আদালতের নির্দেশে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

You must be logged in to post a comment.